কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর এবার তার বাবা-মাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানা অপপ্রচার চালানোরও অভিযোগ করেছেন তারা।
নিরাপত্তা শঙ্কায় ইতিমধ্যে নিজের মোবাইল নম্বর বন্ধ রেখেছেন অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক নাহিদা বেগম। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ জানান, সাইবার বুলিং ও বিভিন্ন নম্বর থেকে ফোনে অশোভন আচরণের অভিযোগে এই জিডি করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
এ প্রসঙ্গে ফিরোজ শাহরিয়ার বলেন, “ভুয়া ফেসবুক আইডি খুলে তাদের পরিবারকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, পাশাপাশি অপরিচিত নম্বর থেকে ফোন করে তাদের দুজনকেই হয়রানি করা হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
প্রসঙ্গত, কোটবাড়ী এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিম গত ১৮ সেপ্টেম্বর বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, তার সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়।
তবে অপ্রতিমের মা নাহিদা বেগম একসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর থাকাকালে কয়েকজন কিশোর অপরাধীকে পুলিশে সোপর্দ করেছিলেন সেই পুরনো ঘটনাও এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
অপ্রতিমের বাবার করা হত্যা মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে সাইফুল ইসলাম তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন, আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি দুজনকে পাঠানো হয়েছে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে।



