রংপুর নগরীর ষ্টেশন রোড এলাকায় সালেক পাম্প সংলগ্ন শাহাজাহান সুপার মার্কেটের ছাদে একটি ঈগল পাখি অসুস্থ হয়ে আটকে থাকতে দেখে নগরবাসী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সরেজমিনে দেখা মিলে, বিল বোর্ডের রডের মধ্যে আটকে থাকা অসুস্থ পাখিটিকে দেখতে উৎসুক জনতার ভিড়।
এ ব্যাপারে বন বিভাগকে দফায় দফায় দফায় ফোন দেওয়ার পরেও তাদের কোন সাড়া না পেয়ে ৩ ঘন্টা ধরে সেবা যত্ন করে অবমুক্ত করে দেয় স্থানীয় কয়েকজন যুবক।
তাদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালের দিকে আশিক নামে এক যুবক মার্কেটের ছাদে উঠলে দেখতে পায় একটি ঈগল পাখি বিল বোর্ডের রডের মধ্যে আটকে পড়ে আছে। পরে, সে ৯৯৯ হটলাইনে কয়েক দফা ফোন করে বিষয়টি জানায়। ৯৯৯ কর্তৃপক্ষ বন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলে।
এরপর, বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঈগল পাখিকে স্যালাইন পানি খাওয়ানোর কথা বলে, এবং তারা আসতে পারবেন না বলে জানিয়ে দেয়।
এদিকে, ঈগল পাখি ‘হিংস্র’ হওয়ায় কেউ তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক সেবা যত্ন করে অবমুক্ত করে দেয় স্থানীয়রা।
এ বিষয়ে রংপুর বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের মোবাইলে যোগাযোগ করার জন্যে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।



