সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থানে প্রস্তাবিত ভাস্কর্যের পরিবর্তে পানির ফোয়ারা স্থাপনের প্রস্তাব দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৬ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদনে এসব পরিবর্তনের (রিস্কোপিং ও রিপারপসিং) উদ্যোগ তুলে ধরা হয়েছে। প্রকল্পটির নকশা পরিবর্তন ও পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে বলে সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
এছাড়া, ৭ মার্চের ভাষণের হলোগ্রাফিক থ্রিডি উপস্থাপনায়ও পরিবর্তন আনার উদ্যোগের কথা জানানো হয়েছে।
২০১৮ সালে ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ নামে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রকল্পটির কাজ শুরু হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। এমনকি যে দুটি স্থানে ভাস্কর্য নির্মাণের কাজ চলছিল, সেসব স্থানে ভাঙচুরও চালানো হয়।



