জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার তাদের জামিন শুনানির দিন রাখা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) পল্টন মডেল থানার এসআই নাজমুল ইসলাম ২৭ জনকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামিদের আইনজীবী নীলাঞ্জনা রিফাত ও তাছলিমা জাহান পপি জামিন চেয়ে আবেদন করেন।
প্রসিকিউশন পুলিশের এসআই মাসুম মিয়া জানান, ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার জামিন শুনানির দিন রাখেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন, দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মিরাজ আহমেদ, মিরাজ মালিথা, রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, কাউসার হোসেন, শ্রী অঞ্জন শীল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, সুজন আলী, তসিকুল ইসলাম, সাইফুল্লাহ সায়েক, নয়ন আলী, সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিষ্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, আল আমিন হাওলাদার, তুষার আলী, রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামিরা জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।
এর আগে, শনিবার ঢাকার গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৩০০ জনকে হেফাজতে নেয় পুলিশ।
অভিযান শেষে সন্ধ্যায় আটকের বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমি নির্দিষ্ট সংখ্যাটা এ মুহূর্তে বলতে পারছি না, তবে সংখ্যাটা ২৮০ থেকে ৩০০ জনের কাছাকাছি হবে।”



