ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩৭ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসআরবি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কে থাকা চেকপোস্টে দায়িত্বপালন করছিলেন এসআরবির ১৫ থেকে ১৬ জন সদস্যের একটি দল।
এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের একপাশে গিয়ে থামে।
সহকর্মীরা আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করেন। তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক সাইফুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার কোমর থেকে নিচের অংশে গুরুতর আঘাত ছিল।
এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, “তিনি ঘটনাস্থলে ছিলেন। আলমগীর হোসেন তার কিছুটা দূরে সড়কের পাশে অবস্থান করছিলেন। এসময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়।”
নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
২০২৫ সালের ৩০ এপ্রিল তিনি র্যাবে যোগ দেন। এ বছর ১৭ মে এসআরবি-৭ ফেনী ক্যাম্পে উপসহকারী পরিচালক হিসেবে যোগ দেন।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক সজীব (৩০) আহত হয়ে এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মহাসড়কে দুর্ঘটনা হওয়ায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।”



