Sunday, October 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নাসীরুদ্দীন ও নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করতে দেখা যায় 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এতে মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন।  

হামলার সময় এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনিসহ স্থানীয় নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে। 

এনসিপির দলীয় সূত্র থেকে জানা যায়, ব্যক্তিগত সফরের অংশ হিসেবে রবিবার কুষ্টিয়ায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রথমে তিনি কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়িতে যান। মাজার পরিদর্শন শেষে ভেতরে স্থানীয় শিল্পীদের গান শুনছিলেন এবং ফেসবুকে লাইভ করছিলেন। এ সময় তার ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয় বলে তাদের দাবি।  

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংবাদ পাই কে বা কারা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আক্রমণ করেছে। তাৎক্ষণিকভাবে আমি চলে আসি। পরে তাকে নিরাপত্তা দিয়ে এখান থেকে পার করে দেয়া হয়।’'  

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে কয়েকজনকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করতে দেখা যায়। 

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটির সত্যতা এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

ঘটনার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য জানার জন্য স্থানীয় সংবাদকর্মীরা চেষ্টা করলেও তিনি কথা বলতে রাজি হননি। 

   

About

Popular Links

x