Sunday, October 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাদক সেবনকালে পুলিশ কনস্টেবলসহ আটক ৩, ইয়াবা উদ্ধার

ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনকালে অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুই জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মাদকসেবনের খবর পেয়ে জাহাঙ্গীর আলমের ঘর থেকে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) ট্রাফিক (উত্তর) বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্নুপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩৮)।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, প্রায় মাসখানেক আগে রংপুরের কাউনিয়া উপজেলা এলাকার জাহাঙ্গীর আলম শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার মোশারফের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। 

হঠাৎ করে তার ওই ভাড়া বাসায় মাদকসেবীদের যাতায়াত শুরু হলে এলাকাবাসীর সন্দেহ হয়। শুক্রবার রাতে মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুই জনকে আটক করে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ জাহাঙ্গীর আলমের ঘরে অভিযান চালিয়ে ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এলাকাবাসী মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুই জনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করে।

আটক তিনজনের মধ্যে সারোয়ার মোর্শেদ পুলিশ সদস্য হিসেবে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

   

About

Popular Links

x