পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট রবিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে পুনরায় চালু হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তাজনিত কারণে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল। ঝুঁকি পর্যালোচনা শেষে এটি আবার সচল করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদন অনুযায়ী, পিএইচপির নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করতে পারে। এতে সার্ভারের ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। একই ঝুঁকির কারণে পিএইচপিভিত্তিক কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
তবে পিএইচপি ব্যবহার করা সব ওয়েবসাইটই এই ত্রুটির কারণে ঝুঁকিতে নেই। ব্যবহৃত সংস্করণ ও নিরাপত্তা হালনাগাদের ওপর ঝুঁকির মাত্রা নির্ভর করে।
সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতাধীন প্রায় ৩৬,৫০০টি ওয়েবসাইট পিএইচপিতে তৈরি নয়। ফলে সেগুলো এই নির্দিষ্ট ত্রুটির কারণে সরাসরি ঝুঁকিতে পড়ার কথা নয়।
এদিকে, সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট সতর্কতা জারি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পিএইচপির সংস্করণ শনাক্ত, নিরাপত্তা হালনাগাদ এবং সার্ভারে অননুমোদিত সংযোগ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে।



