গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।
এতে কার্যালয়ের ভিতরে কোন ক্ষয়ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে। পরে জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ছাত্রলীগ কর্মীর পোস্ট করা ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে গ্রামীণ ব্যাংক পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করতে দেখা যায়।
গ্রামীণ ব্যাংক পাটগাতী টুঙ্গিপাড়া শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, ‘‘সকালে কার্যালয়ের প্রধান ফটক তালা মেরে আমরা সবাই বাইরে কাজ করছিলাম। পরে দুপুরে পেট্রোলবোমা মারার খবর পেয়ে অফিসে আসি। এতে ভিতরের কোন ক্ষতি না হলে একটি দরজার কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তারাই আবার ফেসবুকে পোস্ট করেছেন।’’
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘‘পুলিশ বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’’



