আওয়ামী লীগ তাদের সর্বশেষ শাসনামলে পাকিস্তান আমলের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান দেশের যতটা ক্ষতি করেনি, আওয়ামী লীগ গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে।
সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, দলটি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করার পরও তাদের শিক্ষা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে আন্দালিভ রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। এই পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে এবং অন্যদিকে মনোযোগ সরাতেই আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। তবে সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা কোনো রাজনৈতিক পদক্ষেপ নয় বলে তিনি উল্লেখ করেন।
বিগত সরকারের আমলে দেশের অর্থনীতির ক্ষতির চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতি করে গেছে, তা এখনো জাতিকে পুরোপুরি বোঝানো সম্ভব হয়নি। দেশের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে এবং ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, এসব ক্ষতির দায় বর্তমান সরকারের না হলেও দায়িত্ব নিয়েই দেশ পরিচালনা করতে হচ্ছে।
এর আগে অনুষ্ঠিত বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, ফোরামের সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায়সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



