Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হলো দুই জোড়া ট্রেন

প্রতিটি ট্রেনে থাকবে সাতটি করে কোচ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ ট্রেন উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

নতুন ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘নাজিরহাট কমিউটার - ১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে থাকবে সাতটি করে কোচ। 

রেলওয়ে সূত্র জানিয়েছে, সাত কোচের এই ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার ও একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। শোভন শ্রেণির পাঁচটি কোচে ৬০টি করে মোট ৩০০ আসন থাকবে। এসএলআর কোচে থাকবে আরও ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪।

২২২ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ২২১ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।

২২৪ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর ২২৩ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।

এদিকে এই রুটে ট্রেনের ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে যাত্রীসেবা ও আয় বাড়বে বলে মনে করছেন রেলওয়ে কর্মকর্তারা।

এর আগে গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর জাতীয় সংসদে চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল পুনরায় চালুর দাবি জানান।

একইসঙ্গে তিনি নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবিও উত্থাপন করেন।

   

About

Popular Links

x