Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবন থেকে ১৪টি অস্ত্র ও ৫৫ রাউন্ড তাজা গুলিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য নিশ্চিত করেন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১৪টি অস্ত্র ও ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একটি সশস্ত্র ডাকাতদল বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন গহীন বনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের যৌথ উদ্যোগে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বনের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় ওয়ান শুটার গান, ৪টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ডাকাতদলের কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বর্তমানে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড কর্মকর্তা সুমন আল মুকিত আরও জানান, সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা, জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী। সুন্দরবনের সক্রিয় সব বনদস্যু বাহিনী চিরতরে নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে বর্তমানে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামক দুটি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

   

About

Popular Links

x