পিরোজপুরের জিয়ানগরে একটি ছড়া সুপারি ও কলা নেওয়ার অভিযোগে ৭৫ বছর বয়সী এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। তাকে মারধর করার পর কোমরে শিকল দিয়ে বেঁধে গলায় কলা ও সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানো হয়।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নির্যাতনের এই দৃশ্যসংবলিত একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
ভুক্তভোগী বৃদ্ধ রুহুল আমিন স্থানীয়ভাবে হতদরিদ্র ও মানসিকভাবে ভারসাম্যহীন হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে একটি ছড়া সুপারি ও এক ফালি কলা নেন রুহুল আমিন। এই ঘটনার জের ধরে কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন। এরপর তার কোমরে শিকল পরিয়ে তালাবদ্ধ করা হয় এবং গলায় ওই কলা ও সুপারি ঝুলিয়ে প্রকাশ্যে গ্রাম ঘোরানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন জানান, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও অত্যন্ত দরিদ্র হওয়ায় মাঝেমধ্যে না বলে মানুষের খেত বা গাছ থেকে কলা, কচু ও সুপারি নিয়ে যান। তবে সামান্য এই অপরাধে তার সঙ্গে এমন বর্বর ও অমানবিক আচরণ করা কোনোভাবেই ঠিক হয়নি।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, এক বৃদ্ধকে শিকলে বেঁধে ও গলায় কলা-সুপারি ঝুলিয়ে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে তাদের নজরে এসেছে। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



