Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভার ও আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি, বন্ধ ঘোষণা ৮

পোশাক শ্রমিকদের দিনভর সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

টানা দুই দিন শান্ত থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক শিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে সকাল থেকেই অঞ্চলটির একাধিক স্থানে সড়ক অবরোধ, কারখানায় কর্মবিরতি এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নিয়ে বর্জ্য ফেলে আগুন ধরিয়ে দেন।

এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা সরাতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। শ্রমিকদের ইটপাটকেলের জবাবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নেমে আসেন একেএইচসহ একাধিক পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে ১টার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে সকালে আশুলিয়ার শিল্পাঞ্চলে উৎসবমুখর পরিবেশে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও বেলা বাড়ার সাথে সাথে অস্থিরতা দেখা দেয়। জামগড়ার 'দি রোজ' কারখানার শ্রমিকরা সকালে পাঞ্চ করে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করলে নিরাপত্তার স্বার্থে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়।

এছাড়া খেজুরবাগান এলাকার রেডিয়েন্স ফ্যাশন ও রেডিয়েন্স জিন্স কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন শেষে ছুটি পেয়ে সড়কে নেমে আসেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। দুপুরের আগে মাতবরবাড়ি, নরসিংহপুরসহ আশপাশের ম্যাক্সটেক্স, মণ্ডল গ্রুপসহ অন্তত সাতটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রম আইনের ১৩(১) ধারায় আশুলিয়া ও সাভার এলাকার মোট ৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এর আগে বন্ধ থাকা প্রায় সব গুলোই ধাপে ধাপে খোলা হলেও কয়েকটি কারখানায় নতুন করে অস্থিরতা দেখা দেয়। এছাড়া সার্বিক নিরাপত্তা ও শ্রমিক অসন্তোষের কারণে অঞ্চলটির প্রায় ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সার্বিক পরিস্থিতি নিয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, গত দুই দিনের তুলনায় আজ সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। বন্ধ থাকা বেশ কিছু কারখানা পুনরায় চালু হয়েছিল। তবে সকালের দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি ও সড়ক অবরোধের চেষ্টা করে। বিশৃঙ্খলা এড়াতে ও কারখানা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে কিছু কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দুপুরের পর নতুন করে উত্তেজনার আশঙ্কায় শিল্পাঞ্চলজুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বজায় রয়েছে।

   

About

Popular Links

x