Thursday, November 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

পদ্মা সেতু হয়ে ঢাকা-সাতক্ষীরা রুটে বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সহিংসতার শঙ্কায় এই রুটে বাস চলাচল স্থগিত করা হয়

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম

গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা থেকে ঢাকাগামী কোনো বাস ছাড়বে না বলে জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত বুধবার দুপুর থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলার খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে এই রুটে বাস চলাচল স্থগিত করা হয়। তবে বিকল্প হিসেবে যশোর হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে সীমিতসংখ্যক বাস চলাচল করছে।

ইমাদ পরিবহনের পাটকেলঘাটা কাউন্টারের ব্যবস্থাপক স্বাধীন জানান, আজকের কর্মসূচি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনা করে এই রুটে কোনো বাস ছাড়বে না। একই তথ্য জানিয়েছেন এসকে পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ব্যবস্থাপক জহির রায়হান। তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে যানে অগ্নিসংযোগের ঘটনায় চালক, শ্রমিক ও মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।”

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি কাজে ঢাকাগামী যাত্রী ও চাকরিজীবীরা বিপাকে পড়েছেন। বিকল্প পথে যাতায়াতে সময় ও দুর্ভোগ - দুটোই বাড়ছে বলে জানিয়েছেন যাত্রীরা।

পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে বাস চলাচল বন্ধ রাখার পক্ষে অবস্থান নিয়েছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

   

About

Popular Links

x