বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। তবে আজ শনিবার বৃষ্টির প্রবণতা কমতে পারে। রাজধানীতে দেখা মিলতে পারে রোদেরও।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের মাঝামাঝি এলাকা, ময়মনসিংহ বিভাগের কয়েকটি স্থান এবং উপকূলীয় অঞ্চল রয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। এর আগের দিন পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল যশোরে ১৩৩ মিলিমিটার। এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের দিন বৃষ্টির পরিমাণ ছিল ১৯ মিলিমিটার।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, “ঘূর্ণিঝড়টি এখন অনেকটাই দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ দেশে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যেতে পারে।”
তিনি আরও বলেন, “আজ উপকূলীয় এলাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীর আকাশ মেঘলা থাকলেও কখনো কখনো রোদের দেখা মিলতে পারে।”



