ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন পরিষদ ভেঙে বরিশল নামে নতুন উপজেলা গঠনের প্রতিবাদে চান্দপুর বাজারের পাশে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথ অবরোধ করেন মাছিহাতা ইউনিয়নের দশটি গ্রামের কয়েকশ মানুষ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একঘণ্টা এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
চান্দপুর তমিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাছিহাতা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে প্রতিবাদ কর্মসূচি আহ্বান করা হয়। এতে আটলা,পাঘাচং, চিনাইর, চাপুইর, খেওয়াই, ফুলবাড়ীয়া এবং বিভিন্ন গ্রামের কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ কর্মসূচি চলাকালে উত্তেজিত গ্রামবাসী সমাবেশ স্থলের পাশের ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পাঘাচং স্টেশনে এলাকায় অন্তত ২০ মিনিট আটকে রাখেন উত্তেজিত গ্রামবাসী। পরে একই স্থানে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন অন্তত আধা ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেন তারা।
এ সময় আন্দোলনস্থলে থাকা জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সঙ্গে থাকা মাছিহাতা ইউনিয়ন, বাসুদেব ইউনিয়ন, নবগঠিত বরিশল ইউনিয়ন পরিষদ ও বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল ইউনিয়ন ভেঙে নতুন করে বরিশল নামে একটি উপজেলা গঠন করার পরিকল্পনা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা কোনোভাবেই ইউনিয়ন পরিষদ ভেঙে নতুন উপজেলা গঠন করতে দেবো না।
অবরোধ কর্মসূচি চলাকালে মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, আমরা মাছিহাতা ইউনিয়ন পরিষদে ছিলাম, আমরা মাছিহাতা ইউনিয়ন পরিষদে থাকতে চাই। আমাদের দাবি না মানা হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে।
অন্যান্য আন্দোলনকারীদের একই দাবি। তারা বলেন, আমরা সদর উপজেলায় ছিলাম, সদর উপজেলার সঙ্গেই থাকতে চাই।
এদিকে আন্দোলনের খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ও পুলিশ সদস্যরা পাঘাচং রেলস্টেশন এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় আখাউড়া থেকে রেলওয়ে পুলিশ, আরএনবি এবং পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ১ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



