Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাবার আসনে উপনির্বাচনে জয়ী সাদ এরশাদ

১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হলে নির্বাচন কমিশন (ইসি) উপনির্বাচনের উদ্যোগ নেয় 

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০৭:৪৫ পিএম

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় পেয়েছেন রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ। 

এদিকে ধানের শীষ প্রতীকে ১৬ হাজার ৯৪৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বিএনপির রিটা রহমান। মোটরগাড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার) তৃতীয় অবস্থানে রয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট। 

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এসব তথ্য জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন।

এর আগে সকাল ৯টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

চলতি বছরের ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হলে নির্বাচন কমিশন (ইসি) উপনির্বাচনের উদ্যোগ নেয়।

সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন ও নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৭৬২ জন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ছয় প্রার্থী ছিলেন- এরশাদের ছেলে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটর গাড়ি), বিএনপি প্রার্থী রিটা রহমান (ধানের শীষ), এনপিপির শফিউল আলম (আম), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেওয়াল ঘড়ি) এবং গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লা বায়েজীদ (মাছ)।

   

About

Popular Links

x