Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাস্ক খুললেন যাত্রী, মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান

এ ঘটনার পর ওই যাত্রীকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকান এয়ারলাইনস

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৬:১৪ পিএম

করোনাভাইরাস মহামারির মধ্যে এক যাত্রী মাস্ক খুলে ফেলার কারণে মাঝ আকাশ থেকে একটি বিমান ফিরে এসেছে। ওই নারী যাত্রী যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানে উঠেছিলেন। নানাভাবে বোঝানোর পরও ওই নারী যাত্রী মাস্ক পরতে রাজী না হওয়ায় গন্তব্যে না গিয়ে ফিরে আসে বিমানটি।

এ ঘটনার পর ওই যাত্রীকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকান এয়ারলাইনস। ওই নারীর বয়স ৪০-এর বেশি।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মিয়ামি থেকে লন্ডনগামী বোয়িং ৭৭৭ বিমানটি ১২৯ জন যাত্রী নিয়ে বিমানবন্দর ছেড়েছিল। কিন্তু মাঝ আকাশে এক যাত্রী মাস্ক খুলে ফেলেন। বিমানকর্মীরা চেষ্টা করেও তাকে মাস্ক পরাতে পারেননি। এরপর বিমান মিয়ামি বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট। উড্ডয়নের পর প্রায় দেড় ঘণ্টা চলেছিল বিমানটি। 

আমেরিকান এয়ারলাইনের মুখপাত্র লরা মাসভিদাল এক বিবৃতিতে জানান, একজন যাত্রী মাস্ক পরার নিয়ম অমান্য করায় বিমানটিকে মিয়ামিতে ফিরে আসতে হয়েছে। 

ওই যাত্রীর সামনের আসনে বসা স্টিফ ফ্রিম্যান নামের এক ব্যক্তি জানান, বিমানে বসেই প্রচুর মদ খাচ্ছিলেন ওই নারী। বিমানের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারও করছিলেন তিনি। একাধিক মাস্ক দেওয়ার পরও তিনি তা পরতে রাজি হননি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিমানে মাস্ক পরা বাধ্যতামূলক। এ ব্যাপারে কোনো ছাড় দেয় না কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x