নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আহসান হাবিব খান বলেছেন, “সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার (কুমিল্লা সদর আসনের) একজন জনপ্রতিনিধি। উনারা আইন প্রণয়ন করেন। যদি উনারাই আইন না মানেন তাহলে আর কি বলার! উনাকেতো আর আমরা টেনে হিঁচড়ে নামাতে পারি না। এলাকা না ছেড়ে তিনি নিজেই নিজের সম্মান নষ্ট করেছেন।”
সোমবার (১৩ জুন) কুমিল্লা ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রিজাইডিং অফিসারদের ব্রিফিংয়ে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. আহসান হাবিব খান আরও বলেন, “ভোটের পরিস্থিতি ভালোই আছে। কোনো ধরনের খারাপ পরিস্থিতির ঘটনা এখনও ঘটেনি। নির্বাচনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে।”
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, “যদি ভোটের পরিস্থিতি ভালো না থাকে তাহলে নির্বাচন স্থগিত করা হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে।”
এমপি বাহারের কুমিল্লায় অবস্থানের বিষয়ে তিনি বলেন, “তিনি আইন অমান্য করে নির্বাচনী এলাকায় আছেন। আইনের কিছু ফাঁক ফোকরকে তিনি ব্যবহার করছেন। আমাদেরও সময় আসবে। ওয়েট এন্ড সি।”
এসময় আরও উপস্থিত ছিলেন কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।



