রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ আশালয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৩০৪ কোটি টাকা পাচার মামলার আসামি আমিন মো. হিলালীর খোঁজ পাওয়া গেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই রফিকুল ইসলাম হিলালী।
রবিবার (৪ জুলাই) রাত পৌনে ১১টার দিকে সাভারের হেমায়েতপুরের তেঁতুলতলা এলাকায় কে বা কারা তাকে ফেলে গেছে বলে জানান রফিকুল ইসলাম হিলালী।
রফিকুল ইসলাম বলেন, “তিনি (আমিন মো. হিলালী) এখন সাভার থানা পুলিশের একটি টিমের হেফাজতে আছেন। এক অটোরিকশা চালকের মোবাইল থেকে আমার ভাই আমাকে এ কথা জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “উত্তরা পশ্চিম থানায় বিষয়টি জানানো হয়েছে। তাদের একটি টিম হেমায়েতপুরে যাচ্ছে। সাভার থানাকেও বিষয়টি জানানো হয়েছে।”
আরও পড়ুন- নর্থ সাউথের অর্থ পাচার মামলার আসামি আমিন হিলালী নিখোঁজ, দাবি পরিবারের
এর আগে, শুক্রবার (১ জুলাই) রাত ৮টার দিকে উত্তরার ১০ নম্বর সেক্টরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন আমিন হিলালী। এরপর পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি।এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রফিকুল ইসলাম হিলালী। আমিন মো. হিলালী “রহস্যজনকভাবে” নিখোঁজ হন বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
রফিকুল ইসলাম তখন গণমাধ্যমকে বলেন, “আমিন হিলালী শুক্রবার রাত ৮টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরে তার বাসা থেকে ১৩ নম্বর সেক্টরের অফিসে যাওয়ার জন্য বের হন। বাসা থেকে বের হওয়ার পর তিনি তার গাড়িচালক জামাল উদ্দিনকে বলেন, অফিসের দিকে যাবেন এবং ১৫ মিনিট পর যোগাযোগ করতে বলেন। এর ৯ মিনিট পর ১২ নম্বর সেক্টরে অবস্থানের সময় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।”
উল্লেখ্য, আমিন মো. হিলালী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি ক্রয়সংক্রান্ত অর্থ আত্মসাৎ মামলার আসামি। ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে দুদক গত ৫ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে। এ মামলায় আমিন মো. হিলালী ৬ নম্বর আসামি।



