Wednesday, August 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

লালমনিরহাটে তিন জেএমবি সদস্যের যাবজ্জীবন

তফিজুল ইসলাম নামের অন্য আরেক সদস্যকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এই মামলার আরেক আসামি শিশু

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৪:৪০ পিএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাট জেলা দায়রা জজ আদালত। এর মধ্যে তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য আরেক সদস্যকে ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

আরও পড়ুন- হোশি কুনিও হত্যা: জেএমবি সদস্য ইছাহাক আলীর খালাসের রায় স্থগিত

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ এলাকার বাসিন্দা আসাদুজ্জামান ওরফে আপেল মিস্ত্রি, একই এলাকার শফিক ইসলাম ও সোহাগপুর এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান ওরফে মোখলেছার রহমান।

একই উপজেলার মির্জারকোর্ট এলাকার বাসিন্দা তফিজুল ইসলামকে ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার আরেক আসামি শিশু। ফলে তার মামলাটি শিশু আদালতে বিচারাধীন রয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৮ সালের ৮ আগস্ট রংপুর র‌্যাব-১৩ এর একটি দল পাটগ্রাম পৌরসভার পোস্ট অফিসপাড়ার এমএম প্লাজা মার্কেটের একটি দোকান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন- চট্টগ্রামে মসজিদে বোমা হামলা: ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড

আটক ছয়জন হচ্ছেন- আপেল মিস্ত্রি, শফিক, মোখলেছুর, তফিজুল ইসলাম ও এক শিশু। পরে সন্ত্রাস বিরোধী আইনে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন রংপুর র‌্যাবে কর্মরত এসআই আসাদুজ্জামান। এরপর তাদের পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন জানান, সন্ত্রাস বিরোধী আইনে চারজনকে ১৪ বছরসহ বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় আপেল মিস্ত্রি, শফিক ইসলাম ও মোখলেছুরকে অস্ত্র আইনের ১৮৭৮ এর ১৯(এফ) ও ১৯(এ) ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x