Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উদ্বোধনের আট বছর পরেও চালু হয়নি জামালপুর জেনারেল হাসপাতালের আইসিইউ

এলাকাবাসীর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাই আইসিইউটি চালু না হওয়ার কারণ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৪ পিএম

আট বছর আগে জামালপুর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় উদ্বোধন করা হয় দুই শয্যার ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। তবে এত বছর পরেও শুরু হয়নি এর কার্যক্রম। ফলে বিকল হতে বসেছে আইসিইউতে থাকা কোটি টাকার সরকারি সরঞ্জাম।

এলাকাবাসীর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাই আইসিইউটি চালু না হওয়ার কারণ। তবে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাহফুজুর রহমান সোহানের দাবি, দক্ষ জনবল না থাকায় আইসিইউটি চালু করা সম্ভব হচ্ছে না।

হাসপাতালের প্রশাসনিক কার্যালয় সূত্রে জানা গেছে, আইসিইউটির অর্থায়ন করে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়। ২০১৫ সালে এর উদ্বোধন করেছিলেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম। দুই শয্যার এই আইসিইউতে মুমূর্ষু রোগীদের রেখে চিকিৎসা সেবা দেওয়ার কথা। কিন্তু প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় এটি এখনও চালু করতে পারছে না কর্তৃপক্ষ।

স্থানীয়রা বলছেন, রহস্যজনক কারণে আইসিইউ চালু হচ্ছে না। আইসিইউ না থাকায় জামালপুরের মুমূর্ষু রোগীদের ময়মনসিংহ ও ঢাকায় পাঠানো হয়। এ কারণে রোগীর স্বজনদের গুনতে হয় অ্যাম্বুলেন্সের বাড়তি ভাড়া। তাছাড়া থাকা-খাওয়ার বাড়তি খরচে বোঝা তো আছেই। অনেক সময় গুরুতর রোগীদের জেলার বাইরে নিয়ে যাওয়ার সময় মৃত্যুও হয়। 

তাই দ্রুত আইসিইউটি চালুর দাবি জানান তারা।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, আইসিইউতে তালা ঝুলছে। ভেতরের যন্ত্রপাতিগুলোতে ময়লা জমে আছে। সাদা চাদরে মোড়ানো দুই পাশে চারটি বিছানা, সেগুলোতেও জমেছে ধুলাবালির আস্তরণ।

জামালপুর শহরের বাসিন্দা ব্যবসায়ী মো. আলাল মিয়া ঢাকা ট্রিবিউনকে বলেন, “হার্টের রোগী এই হাসপাতালে নিয়ে এলেই ময়মনসিংহ কিংবা ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। আইসিইউ চালু না থাকায় চিকিৎসকরা হার্টের রোগীদের চিকিৎসা দিতে পারছেন না। এ হাসপাতালে আইসিইউ চালু করাটা খুবই জরুরি।”

ইসলামপুর উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, “যতটুকু জানি প্রায় ৮-৯ বছর আগে এ হাসপাতালে আইসিইউ উদ্বোধন করা হয়। কিন্তু রহস্যজনক কারণে এটি এখনও চালু হচ্ছে না।”

জামালপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম ঢাকা ট্রিবিউনকে বলেন, “হাসপাতালটি জামালপুরসহ আশপাশের আরও বেশ কয়েকটি জেলার প্রায় ৪০ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। রহস্যজনক কারণে আট বছরেও আইসিইউ চালু না হওয়ায় সরকারের কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। পাশাপাশি এ অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছেন।”

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাহফুজুর রহমান সোহান ঢাকা ট্রিবিউনকে বলেন, “জনবল সঙ্কটের কারণে আইসিইউ চালু করা যাচ্ছে না। যন্ত্রপাতি নষ্টের কথা মন্ত্রণালয়কে বারবার জানানো হয়েছে। বিশেষজ্ঞ ছাড়া যন্ত্রপাতির বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।”

একই কথা জানিয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, “খুব দ্রুত সময়ের মধ্যেই আইসিইউটি চালুর ব্যবস্থা করা হবে।”

   

About

Popular Links

x