Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে ঢাকায়

২০১২ সাল থেকে তারা নিয়মিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা এসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৮ পিএম

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে ৫০০ কিলোমিটার পথ সাইকেলে চড়ে ঢাকায় এসেছেন একদল ভারতীয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি হুগলীর চন্দননগর থেকে সাইকেলে করে রওনা দেয় কলকাতার আটজনের একটি দল। পশ্চিমবঙ্গের “হান্ড্রেড মাইলস” নামে একটি সংগঠনের আয়োজনে তারা সাইকেল চালিয়ে ঢাকায় এসেছেন। সোমবার ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেন তারা।

দলের সদস্যরা জানান, ২০১২ সাল থেকে তারা নিয়মিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা এসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন। করোনাভাইরাসের কারণে দুই বছর পর বাংলাদেশে এসেছেন তারা। এটি তাদের নবম যাত্রা।

এর আগে, কলকাতা-সোদপুর-বারাসাত-বনগাঁ-পেট্রাপোল স্থলসীমান্ত বন্দর পেরিয়ে সাইকেল র‌্যালিটি বাংলাদেশে প্রবেশ করে ১৬ ফেব্রুয়ারি। পরে বেনাপোল-নরাইল-ভাঙা-মাওয়া হয়ে প্রায় ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৯ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছান তারা। ওইদিন ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

সদস্যরা জানান, তারা আজই ভারতের উদ্দেশে রওনা হবেন। ১৫ জনের এই প্রতিনিধি দলে চিকিৎসক, শ্রমিক, কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে সরকারি চাকরিজীবীরাও রয়েছেন।

দলের সদস্য গৌতম মৃধা বলেন, “আমাদের স্লোগান হলো ‘বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক'। এই স্লোগানকে বুকে ধারণ করেই আমাদের এই যাত্রা। এপার-ওপার যে নামেই ডাকি, ভাষার বাঁধনে বাঁধা দুই দেশ। সেই বাঁধন থেকেই আমরা বাংলাদেশে আসি ভাষা দিবসে। আগামীতেও নিয়মিত আসবো।”

দলের সদস্য তপন কুমার রায় (৭০) বলেন, “আমি তিন বার এসেছি। এ দেশে আসতে ভালো লাগে। এ দেশের মানুষ অনেক আন্তরিক। দুই দেশে ভাষা-সংস্কৃতিতে আমরা এক। ভাষার প্রতি ভালোবাসা থেকে আমাদের এই সাইকেল র‌্যালি।”

   

About

Popular Links

x