Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই সিটিতে ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের

সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন ইভিএমে ভোট দেন ভোটররা

আপডেট : ২১ জুন ২০২৩, ০৪:১৭ পিএম

সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (২১ জুন) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। দুই সিটিতেই ইভিএমে ভোট দেন ভোটররা। ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা কার্যক্রম। ভোট কেন্দ্রের বাইরে এবং রির্টানিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফলের অপেক্ষায় রয়েছে প্রার্থী এবং তাদের সমর্থকরা।  

এদিকে, রাজধানী ঢাকার আগারগাঁওস্থ নির্বাচন ভবন থেকে এই দুই সিটির ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়েছে। মাঠে আরও রয়েছেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা।

সিলেট সিটিতে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে আট প্রার্থী হলেন- আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা); জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল); ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান (হাতপাখা); জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া); মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট); মো. শাহজাহান মিয়া (বাস) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)।

রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী চারজন। সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১২ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৬ জন। তবে সাধারণ ওয়ার্ডের একটিতে কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রাজশাহী সিটিতে ভোটার রয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন, হিজড়া ৬ জন। ভোটকেন্দ্র ১৫৫টি এবং ভোটকক্ষ ১ হাজার ১৫৩টি।

   

About

Popular Links

x