রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন।
বুধবার (২১ জুন) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জেলা শিল্পকলা অডিটরিয়াম থেকে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে লিটন ১৫৯,৭৯৭ ভোট পেয়েছেন। ১৩,৩৯৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম।
ইতিহাসে প্রথমবারের মতো রাসিক নির্বাচনে ১৫৫ কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল।
৩০টি ওয়ার্ডের ১৫৫টি ভোট কেন্দ্রের ১,১৫৩টি কক্ষে ৩৫১,৯৮২ জন ভোটার ভোট দেন।
মোট ১৬১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মেয়র পদে তিনজন, ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১২ জন এবং সংরক্ষিত ১০টি আসনে নারী কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল)। ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) নির্বাচন বর্জন করলেও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ইভিএমের তালিকায় প্রতীকসহ এই প্রার্থীর নাম ছিল।
পুলিশের প্রায় সাড়ে তিন হাজার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪০০, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০০ এবং আনসার সদস্য এক হাজার ৮৬০ জন নির্বাচনে নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।



