পরিবেশবান্ধব ইট যারা বানাবেন, তাদের সহজ শর্তে ব্যাংকঋণ দিয়ে সহায়তা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।
বুধবার (২৫ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বৈঠকে বন রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ডিসিদের পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, “পরিবেশ ও বন রক্ষায় জেলা প্রশাসকদের (ডিসি) অনেক দায়িত্ব রয়েছে। তারা এ বিষয়ে অবহিত আছেন। বন সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ডিসিদের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তাদের দায়িত্বের ব্যাপারে অবহিত করে সহযোগিতা চেয়েছি।”
মন্ত্রী পাহাড় কাটা, বন উজাড়, অবৈধ ইটভাটা স্থাপন ও মাটি কাটা বন্ধে তিনি জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করেন। ডিসিদের এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
ডিসিদের কাছ থেকে আসা এক প্রস্তাবের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “৫০টি জেলায় পরিবেশ অধিদফতরের (ডিওই) অধীনে মাত্র ৫০টি অফিস রয়েছে এবং বাকি ১৪টি জেলায় মন্ত্রণালয়ের কোনো অফিস নেই।”
১৪ জেলায় অফিস স্থাপনেরও আশ্বাস দেন তিনি।
এছাড়াও, সরকার ২০২৫ সালের মধ্যে সরকারি কাঠামোতে পরিবেশবান্ধব ইট ব্যবহার করার উদ্যোগ নেওয়ায় ডিসিদের অবৈধ ইটভাটা পরিচালনা বন্ধ করতে বলা হয়েছে।
“আমরা যত বেশি পরিবেশ বান্ধব ইট সরবরাহ করতে পারব, ততই আমরা অবৈধ ইটভাটা উৎপাদন বন্ধ করতে পারব। পরিবেশবান্ধব ব্লক ইটের চাহিদা মেটাতে পারলে পুরনো অবৈধ ইটভাটা বন্ধ করা যাবে,” বলেন তিনি।



