Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘আওয়ামী লীগ প্রশাসনকে কখনোই দলীয়করণ করেনি, ভবিষ্যতেও করবে না’

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার প্রশাসনকে কখনোই দলীয়করণ করেনি, ভবিষ্যতে করবেও না। বিএনপি এবং জাতীয় পার্টি যতবার ক্ষমতায় এসেছে, প্রশাসনকে তারা দলীয়করণ করেছে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০১:৪৩ পিএম

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “সরকার ও প্রশাসনকে একসঙ্গেই কাজ করতে হয় দেশের উন্নয়নে। তাই আওয়ামী লীগ সরকার প্রশাসনকে কখনোই দলীয়করণ করেনি, ভবিষ্যতে করবেও না। বিএনপি এবং জাতীয় পার্টি যতবার ক্ষমতায় এসেছে, প্রশাসনকে তারা দলীয়করণ করেছে।”

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের যারা ডিসি হয়েছেন, যারা সচিব হয়েছেন, এবং যারা বিভাগীয় কমিশনার হয়েছেন, তারা তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতেই এসএসবির মাধ্যমে প্রতিটি পরীক্ষায় প্রক্রিয়া অনুসরণ করেই এই অবস্থানে এসেছেন।”

হাছান মাহমুদ বলেন, “বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় নানা ধরনের গুজব ছড়ানো হয়। এসব গুজব ছড়ানোর কাজে কোন কোন মাধ্যম বেশি ব্যবহার হয়, তা খুঁজে বের করে তথ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।”

তিনি আরও বলেন, “জেলা প্রশাসক সম্মেলন সরকারের প্রশাসনের একটি নিয়মিত কার্যক্রম। এটি প্রতি বছর হয়। এর ধারাবাহিকতায় এ বছরও এটি অনুষ্ঠিত হচ্ছে। সরকারের কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয় জেলা প্রশাসনের মাধ্যমে। কারণ সাধারণ জনগণ জেলা প্রশাসনকেই সবসময় কাছে পায়। এ জন্য জেলা প্রশাসক সম্মেলনটা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

এর আগে গত ২৪ জানুয়ারি জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

   

About

Popular Links

x