চট্টগ্রামের মীরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের সোনাইছড়ি ঝরনা দেখতে গিয়ে আটকে পড়া ১৫ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৭ জুন) সকালে চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একদল শিক্ষার্থী সোনাইছড়ি ঝরনা দেখতে গিয়ে আটকে পড়ে।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পাহাড়ের গহীন থেকে তাদের উদ্ধার করা হয়।
ঝরনায় আটকে যাওয়া পর্যটকরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও গ্রিন হেরাল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
বুয়েটের শিক্ষার্থী অয়ন চৌধুরী বলেন, “সকালে আমরা বন্ধুরা মিলে সোনাইছড়ি ঝরনা দেখতে যাই। দুপুরে বৃষ্টি শুরু হলে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে ঝিরি পথে হাঁটা কঠিন হয়ে পড়ে।। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাদের উদ্ধার করে।”
মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, “সোনাইছড়ি ঝরনা দেখতে এসে মঙ্গলবার দুপুরে বৃষ্টি শুরু হলে পাহাড়ের গহীনে আটকে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী।”
“এসময় ৯৯৯- এ কল দিয়ে মীরসরাই থানা পুলিশের সহযোগিতা নেয় তারা।”
“খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ ও মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।”
সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।



