Monday, July 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীতাকুণ্ডে বাস উল্টে প্রাণ গেলো এক যাত্রীর, আহত ৬

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রলপাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন - রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। এছাড়া নিহত ৩০ বছর বয়সী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক বলেন, “নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।”

তিনি আরও বলেন, “আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। একইসঙ্গে নিহত অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

দুর্ঘটনার কারণ এবং নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

   

About

Popular Links

x