Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির কন্ট্রোল রুম

উদ্বোধনের পর কন্ট্রোল রুম থেকে সংযুক্ত হয়ে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সরাসরি ফেসবুক লাইভে নির্দেশিত কার্যক্রম পর্যবেক্ষণ করেন

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৪:০৩ পিএম

সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সাম্প্রতিক ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তালিকা অনুযায়ী এই কন্ট্রোল রুম ডেঙ্গু রোগীর বাড়ির আঙিনা ও সংলগ্ন এলাকায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করবে।

এছাড়া, ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং মশা নিয়ন্ত্রণে নিয়মিত অন্যান্য কার্যক্রম পরিচালনা ও তদারকির লক্ষ্যে এই কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএসসিসির কন্ট্রোল রুম খোলা থাকবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে এই কন্ট্রোল রুমের কার্যক্রম উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য জানাতে জনগণকে ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে ফোন করার অনুরোধ জানান। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা ডেঙ্গু রোগীর তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু রোগীর বাড়ির ছাদ থেকে আঙিনা ও তৎসংলগ্ন এলাকায় বিশেষভাবে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন মেয়র তাপস। কন্ট্রোল রুম থেকে সংযুক্ত হয়ে তিনি সরাসরি ফেসবুক লাইভে নির্দেশিত কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, “এডিস মশার বিস্তার প্রতিরোধের জন্য আমরা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করলাম। এ নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সরাসরি তদারকি করব।”

   

About

Popular Links

x