আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১৯ জুলাই) ঢাকার প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
একইসঙ্গে দেশের সব স্কুল-কলেজের গ্রীষ্মকালীন ছুটি বাতিল ও আসন্ন জাতীয় নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা শেষ করার আহ্বান জানান তিনি।
পাঠ্যসূচি অনুযায়ী, আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সারাদেশের সব স্কুল-কলেজে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের স্বার্থে এই ছুটি এখন বাতিল করা হচ্ছে। শীতকালীন ছুটির সঙ্গে এই ছুটি সমন্বয় করা হবে।
অন্যদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ বিষয়ে কার্যক্রম চলমান রাখার কথাও জানান শিক্ষামন্ত্রী। এই কার্যক্রমকে এগিয়ে নিতে দুটি কমিটি করা হবে।
প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন শুরু করেন শিক্ষকরা।
দেশে মাধ্যমিক স্তরে ২০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এর মধ্যে ৬৮৪টি সরকারি। সরকারি-বেসরকারি মিলিয়ে মাধ্যমিকে শিক্ষকদের সংখ্যা পৌনে তিন লাখ। এর আগে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের “বৈষম্য” নিরসনের দাবিতে আন্দোলন করেছিলেন শিক্ষকরা। এবার পুরো মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। তবে, শিক্ষামন্ত্রী জানালেন, তাদের দাবি এ বছর পূরণ করা সম্ভব নয়।



