পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলের জালে ৯৬ মণ ইলিশ মাছ ধরা পড়েছে। এই মাছ ৩৯ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) বিকেলে পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরে জাল ফেলেন মিজান মাঝি নামে এক জেলে। তার জালেই ধরা পড়ে এই ইলিশের ঝাঁক। সোমবার পটুয়াখালীর মহিপুর মৎস্য মার্কেটের “ফয়সাল ফিস” নামের মাছের আড়তে ওই মাছ কিনে নেয়।
মিজান মাঝি বলেন, “এফবি ভাই ভাই নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে গত পাঁচ দিন আগে নোয়াখালীর সামরাজ থেকে বঙ্গোপসাগরে যাই। গত কয়েকদিন সাগরে জাল ফেললেও তেমন মাছ ধরা পড়েনি। রবিবার বিকেলে পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন এলাকায় সাগরে জাল ফেলি। এক টানে ধরা পড়ে ৯৬ মণ ইলিশ। মাছ বিক্রির টাকায় ধারদেনা শোধ করবো।”
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী বলেন, “মিজান মাঝির জালে এ মৌসুমে সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে। তবে অন্যান্য জেলের জালে তেমন বেশি মাছ ধরা পড়েনি। অনেক জেলের সাগরে যাওয়া-আসার খরচও উঠছে না। এতে অনেক জেলে হতাশ হয়ে পড়েছেন।”
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “গত ২৩ জুলাই ইলিশ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এখন ইলিশের মৌসুম চলছে। শুধু মিজান নন, আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সব জেলের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে।”



