Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুভেচ্ছা হিসেবে এ বছরও ভারতে ইলিশ রপ্তানি হবে

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে অনেকেই অনুমতির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করছেন’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ পিএম

দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে প্রতিবছরের মতো এ বছরও ভারতে ইলিশ রপ্তানির বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে “নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি” পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, “যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে অনেকেই অনুমতির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করছেন।”

তিনি বলেন, “ইলিশ আমরা নিয়মিত রপ্তানি করি না। শুধু দুর্গাপূজায় সময় শুভেচ্ছাস্বরূপ ইলিশ দেওয়া  হয়। যেমন আমের সময় আম পাঠাই। সারা বছর কিন্তু আমরা এক ছটাকও ইলিশ রপ্তানি করি না। এই ১৫ দিন কিংবা এক মাসের জন্য প্রতীকস্বরূপ কিছু ইলিশ রপ্তানি করবো।”

এই সময় সর্বোচ্চ পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, “দেশে বছরে ইলিশ উৎপাদন হয় ছয় লাখ টন। সেই হিসেবে প্রতিদিন গড়ে দুই হাজার টন ইলিশ ধরা হয়। বড়জোর ৫,০০ টন ইলিশ রপ্তানি করা হতে পারে, যা আমাদের দুই দিনের উৎপাদন মাত্র।”

তিনি বলেন, “এখন পর্যন্ত ৬০ থেকে ৬৫টি প্রতিষ্ঠান আবেদন করেছে। তাতে তিন হাজার বা সাড়ে তিন হাজার টন ইলিশ পাঠানো হতে পারে।”

   

About

Popular Links

x