Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরিকল্পনামন্ত্রী: উচ্চবিত্ত পর্যায়ে দুর্নীতি বেশি

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের উচ্চবিত্ত পর্যায়ে দুর্নীতি বেশি হচ্ছে। কেউ কেউ ব্যাংকের বড় অংকের টাকা লোপাট করে বিদেশে পাচার করছেন। একটি অংশ ঋণ দিয়ে ফেরত দিচ্ছে না। বড় বড় অংকের কারণে দুর্নীতির পরিমাণ বেড়েছে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম

দুর্নীতির কারণে দেশ সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হচ্ছে। সরকার এ বিষয়ে পদক্ষেপ নিলেও তেমন সুফল পাওয়া যাচ্ছে না। এবার দুর্নীতি নিয়ে এক বিতর্ক অনুষ্ঠানে কথা বললেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, “দেশের উচ্চবিত্ত পর্যায়ে দুর্নীতি বেশি হচ্ছে। কেউ কেউ ব্যাংকের বড় অংকের টাকা লোপাট করে বিদেশে পাচার করছেন। একটি অংশ ঋণ দিয়ে ফেরত দিচ্ছে না। বড় বড় অংকের কারণে দুর্নীতির পরিমাণ বেড়েছে।”

শনিবার (১৬ সেপ্টেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শিক্ষার্থীদের এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের উত্তরে এম এ মান্নান এমন মন্তব্য করেন। ছায়া সংসদ নামে এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল- সর্বজনীন পেনশন স্কিম দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষায় সহায়ক হবে কি-না।

সেখানে দর্শকসারি থেকে পরিকল্পনামন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, সরকার পালিয়ে গেলে সর্বজনীন পেনশন স্কিম থাকবে কি-না।

উত্তরে তিনি বলেন, “সরকার পালিয়ে যায় না, ব্যক্তি পালায়। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রক্রিয়ায় যুক্ত। সরকারের স্থায়িত্বের সঙ্গে সর্বজনীন পেনশনের কোনো সম্পর্ক নেই।”

দুর্নীতির উদহারণ দিতে গিয়ে এম এ মান্নান বলেন, “কারও হয়তো গুলশানে বাড়ি আছে। দেখা গেল, তিনি এরপর কানাডা কিংবা দুবাই বা অন্য কোনো দেশে বাড়ি কিনছেন। সৎভাবে উপার্জন করে ঠিকমতো কর দিলে সমস্যা নেই। সৎভাবে দেশের বাইরে অর্থ নিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।”

   

About

Popular Links

x