ভারত প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “প্রতিবেশী বন্ধু রাষ্ট্র যদি শক্তিশালী হয় এবং সেই রাষ্ট্র যদি পাশে থাকে তখন আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। বাংলাদেশ ও ভারত যখন একসঙ্গে শত্রু মোকাবিলা করে তখন লড়াইটা অনেক সহজ হয়। আগামীতে ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে আমরা একসঙ্গে কাজ করব।”
বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের সাইবার নিরাপত্তায় ভারত কাজ করবে বলেও জানান প্রতিমন্ত্রী পলক। তিনি বলেন, “শুধু দুই প্রতিবেশী দেশে নয়, গোটা বিশ্বের সাইবার জগত নিরাপদ রাখতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। আমরা যেভাবে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে কাজ করেছে তেমনি সাইবার হামলা ও হুমকি মোকাবিলা করে এ জগতকে নিরাপদ রাখব।”
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছে গেছে। দুই দেশের মধ্যে কানেক্টিভিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, স্টার্টআপসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক সম্প্রসারিত হয়েছে।”



