সাভারের আশুলিয়ায় একটি ফুটওভার ব্রিজের ওপর থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কন্যা শিশুটির বয়স একদিন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন ফুটওভার ব্রিজ থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদরুজ জামান ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “ফুটওভার ব্রিজে চলাচলকারীরা পলিথিন মোড়ানো বস্তু দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়। সেই খবরের ভিত্তিতে পলিথিনে মোড়ানো নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।”
সাদরুজ জামান বলেন, “প্রাথমিক ধারণা করছি, দুই-একদিন আগে নবজাতককে কেউ ফেলে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



