Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জন্ম নিলো ‘টেস্টটিউব শিশু’

এর আগে গত সেপ্টেম্বরে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় ‘টেস্টটিউব শিশুর’ জন্ম হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৩৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম “টেস্টটিউব শিশুর” জন্ম হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় “টেস্টটিউব শিশুর” জন্ম হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মা ও প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ টেস্টটিউব শিশুর জন্ম হয়। অপারেশনে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ইনফার্টিলিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জেসমিন বানু।

দলে ছিলেন অ্যানেসথেসিয়া বিভাগের শিক্ষক নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেব্রবত বণিক, ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, নিউন্যাটোলোজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল মান্নান, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইন অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা দীবা, সহযোগী অধ্যাপক (অনারারী) ডা. শাহীন আরাসহ ১৭ জন চিকিৎসক, ৫ জন নার্স।

বন্ধ্যা নারীর মা হওয়ার আধুনিকতম পদ্ধতি হলো “টেস্টটিউব শিশু” নেওয়া। এই পদ্ধতিতে স্ত্রীর ডিম্বাশয় থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয় আর স্বামীর শরীর থেকে শুক্রাণু সংগ্রহ করা হয়। গবেষণাগারে সেই ডিম্বাণু ও শুক্রাণু নিষিক্ত করে কৃত্রিমভাবে ভ্রূণ সৃষ্টি করা হয়। পরে সেই ভ্রূণ স্ত্রীর গর্ভাশয়ে প্রতিস্থাপন করা হয়। স্বাভাবিক ভ্রূণ যেভাবে গর্ভাশয়ে বেড়ে ওঠে, কৃত্রিম ভ্রূণও একইভাবে বেড়ে উঠতে থাকে। এভাবে ৯ মাস পর যে শিশুর জন্ম হয়, তাকে টেস্টটিউব শিশু বলা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই প্রথম টেস্টটিউব শিশুর জন্ম। বরিশালের বাসিন্দা এক দম্পতি দীর্ঘ ১৩ বছর ধরে বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছিলেন। ২০২২ সালে এই দম্পতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের ইনফার্টিলিটি বিভাগে চিকিৎসা শুরু করেন। পরিপূর্ণ ইভাউলিউশন শেষে বিভাগ তাদের আইভিএফ উইথ আইসিএসআইয়ের পরামর্শ দেয়। স্টেম সেল থেরাপি গ্রহণের মাধ্যমে তারা এ চিকিৎসা শুরু করেন। যথাযথ চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারি এই নবজাতকের মা গর্ভধারণ করেন এবং নিয়মিত চেকআপে থাকেন। ৩৮ সপ্তাহের পর ২৫ অক্টোবর সকাল সাড়ে ৯টায় এ টেস্টটিউব নবজাতকের জন্ম হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ টেস্টটিউব নবজাতকের জন্ম গ্রহণের মাধ্যমে আরেকটি সফলতার পালক যুক্ত হলো। নিঃসন্তান দম্পতিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর জন্য সব সময় কাজ করছে বিশ্ববিদ্যালয়। টেস্টটিউব নবজাতক ও তার মা সুস্থ আছেন।”

   

About

Popular Links

x