Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিরাপদ টয়লেট সবচেয়ে কম বরিশাল বিভাগে, বেশি ঢাকায়

দেশের ১.২৩% পরিবারের কোনো শৌচাগার সুবিধা নেই

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ পিএম

দেশের ৫৫.৬৯% পরিবার নিরাপদ টয়লেট বা শৌচাগার সুবিধার আওতায় রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ৬৮.৮৯% নিরাপদ শৌচাগার সুবিধা ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম ৩৭.৯২% রয়েছে বরিশাল বিভাগে। ১.২৩% পরিবারের কোনো শৌচাগার সুবিধা নেই।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গৃহগণনা ও জনশুমারির জাতীয় প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নিরাপদ বলতে যেসব শৌচাগারে ফ্ল্যাশ করে বা পানি ঢেলে নিষ্কাশন ব্যবস্থা রয়েছে সেসব শৌচাগারকে নিরাপদ বুঝিয়েছে বিবিএস। ২০২২ সালে সারাদেশে জনশুমারি চলাকালে খানা জরিপ থেকে এসব তথ্য-উপাত্ত দিয়েছে বিবিএস।

বিবিএসের তথ্যমতে, দেশে মোট পরিবার রয়েছে ৪ কোটি ২ লাখ ৫৭ হাজার ৬৭টি। এর মধ্যে নিরাপদ শৌচাগার সুবিধা রয়েছে ২ কোটি ২৪ লাখ ১৯ হাজার ৪৫৪টি পরিবারের। অনিরাপদ শৌচাগার রয়েছে ৫১ লাখ ৫৪ হাজার ৬০৮টি পরিবারে। বাকি পরিবারগুলোতে রয়েছে কাঁচা ও আধাকাঁচা শৌচাগার সুবিধা।

বিবিএসের তথ্য-উপাত্ত বলছে, দেশের ৭৩.২৫% পরিবারের একক শৌচাগার সুবিধা রয়েছে। শহরে ৭১.৮১% পরিবারের শৌচাগার সুবিধা রয়েছে। আর গ্রামে এই হার ৭৩.৯২%। দেশের ১.২৩% পরিবারের কোনো শৌচাগার সুবিধা নেই।

ঢাকা বিভাগের পর নিরাপদ শৌচাগার ব্যবহারে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে ৫৮.৮৮% পরিবারের নিরাপদ শৌচাগার সুবিধা রয়েছে। তৃতীয় স্থানে থাকা রাজশাহী বিভাগে এ হার ৫৫.২৬%। এছাড়া খুলনা বিভাগে ৫৪.৯২% এবং ময়মনসিংহ বিভাগে ৩৮.৫৯% পরিবারে নিরাপদ শৌচাগার সুবিধা রয়েছে।

এ বিষয়ে ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক খায়রুল ইসলাম বলেন, “যেহেতু আমরা এখন উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছি, সেহেতু সরকারকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিরাপদ টয়লেট ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে। নিরাপদ টয়লেট ব্যবস্থাপনা না হলে নানা ধরনের সংক্রামক রোগ ছড়াতে থাকবে।”

   

About

Popular Links

x