ঘন কুয়াশায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
এদিকে, ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, যাত্রীবাহী বাসসহ প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। তীব্র শীতে ভোগান্তিতে পড়েন যাত্রী, চালকরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কুয়াশা কেটে গেলে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
চলাচল স্বাভাবিক হলে মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ভিড়ে বলে জানান বিআইডব্লিউটিসি’র এ কর্মকর্তা।



