Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘শেখ হাসিনা বলেছেন ভাই ইনু-মেনন পাশে থাকেন, যাতে পেছন থেকে কেউ গুলি না মারে’

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘আমরা ঐক্য করেছি যাতে শেখ হাসিনা সামনে তাকিয়ে এগিয়ে যেতে পারে’

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, “আমি এমপি হিসেবে দুটি কর্তব্যের মালিক। একটি রাষ্ট্রীয়, আরেকটি এখানকার। তাই শেখ হাসিনার পাশে থেকে রাষ্ট্রকে বাঁচানোও আমার কর্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাই ইনু-মেনন আমার পাশে থাকেন, যাতে পেছন থেকে কেউ গুলি না মারে।”

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুরে নৌকার সমর্থক গোষ্ঠীর ব্যানারে অনুষ্ঠিত নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন।

সভায় ইনু বলেন, “আমরা ঐক্য করেছি যাতে শেখ হাসিনা সামনে তাকিয়ে এগিয়ে যেতে পারে।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে হাসানুল হক ইনু বলেন, “মুখ খারাপ করে গালি দেবেন না কেউ, মারামারি করবেন না, পোস্টার পোড়াবেন না, নির্বাচন অফিস ভাঙচুর করবেন না, ভোটকেন্দ্র দখলের হুমকি দেবেন না। আরে ভাই যারা হুমকি দেয় তারা কেউ নেই, আমরা আছি। যারা বাহিনী চালাত, মাস্তান পুষত তারা কেউ নেই, আমরা আছি। সুতরাং আগামী ৭ তারিখের নির্বাচনে আপনারা আনন্দের সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন। মনে রাখবেন আমি ইনু ভোটকেন্দ্র পাহারা দিয়ে রাখবো, আমি ইনু প্রত্যেকটি ভোট গুণে গুণে নেব।”

মিরপুর-ভেড়ামারাবাসীর কাছে প্রশ্ন রেখে ইনু বলেন, “আপনারা শান্তি চান নাকি অশান্তি? আপনারা মাস্তান চান নাকি ভালো মানুষ চান? আপনারা টেন্ডারবাজ গুন্ডা বাহিনী চান নাকি ভালো মানুষ চান? যদি ভালো, সৎ মানুষ, উন্নয়ন চান, শান্তি চান তাহলে নৌকা মার্কায় একটি ভোট দেন।”

সভায় আরও বক্তব্য দেন- মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল মালিথা, আতাহার আলী, স্থানীয় সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা আশরাফুল ইসলাম প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x