শীতে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল। কনকনে ঠান্ডায় ব্যহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক মানুষ।
শীতে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশের উত্তরাঞ্চল। গত কয়েক দিন সকালে সুর্যের মুখ দেখেনি উত্তরের জেলা দিনাজপুরের মানুষ।
দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার (১৪ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে শনিবার জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সারারাত ঝরছে কুয়াশার। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাট ফাঁকা।
দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, এই শীতের তীব্রতা আগামীকাল পর্যন্ত থাকতে পারে।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, শীত নিবারণে জেলার তেরো উপজেলা ও নয়টি পৌরসভায় মোট ৫৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয় আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে।
দিনাজপুরের হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীদের চাপ বেড়েছে বলেও জানা গেছে।



