দক্ষিণ কোরীয় সঙ্গীতদল বিটিএসের গায়কদের বিয়ে করতে বাড়ি থেকে পালায় ঢাকার তিন কিশোরী। তবে বেশি দূরে যেতে পারেনি তারা।
বাড়ি থেকে পালানোর ১০ দিন পর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁও থানা পুলিশ গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাদের উদ্ধার করে।
খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, নিখোঁজ হওয়ার আগে তিন কিশোরী দক্ষিণ কোরিয়ায় যাওয়া এবং বিটিএস সদস্যদের বিয়ের ইচ্ছার কথা জানিয়ে একটি চিরকুট রেখে যায়। তাদের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে।
পুলিশ জানায়, ষষ্ঠ শ্রেণি পড়ুয়া কিশোরীরা রাজধানী খিলগাঁও-এর মেরাদিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তারা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আশায় গত ২৯ জানুয়ারি দুপুরে বাসা থেকে পালিয়ে যায়। পালিয়ে গাজীপুরের টঙ্গী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে তারা।
এদিকে, খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করলে তাদের খোঁজে নামে পুলিশ।



