Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিটিএস ফ্যান মাদ্রাসাছাত্রীর কোরিয়া যাত্রা, আজিমপুর থেকে উদ্ধার

ওই কিশোরী মানবপাচার চক্রের পেজ ‘বিটিএস ফ্যান ক্লাব’-এ আসক্ত হয়ে ঘর থেকে বের হয়

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ এএম

কোরিয়ার উদ্দেশে যাত্রা করা এক কিশোরীকে ঢাকার আজিমপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরী মানবপাচার চক্রের অনলাইনভিত্তিক ফেসবুক পেজ “বিটিএস ফ্যান ক্লাব”-এ আসক্ত হয়ে কোরিয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়।

রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার আজিমপুর এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

এর আগে, রবিবার সকাল ৬টার দিকে শরীয়তপুর সদর থেকে মেয়েটি অনলাইনে আসক্ত হয়ে বাড়ি থেকে বের হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, চতুর্থ শ্রেণির ওই ছাত্রী রবিবার সকালে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দুপুরেও বাড়ি ফিরে না এলে পরিবারের সন্দেহ হয়। এরপর ওই শিক্ষার্থীর বিছানায় পড়ে থাকা এক চিরকুটের মাধ্যমে তারা জানতে পারেন, সে কোরিয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছে। এরপর মেয়েটির পরিবার শরীয়তপুরের পালং থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

বিষয়টি র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পকে জানালে উদ্ধারে নামে সদস্যরা। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে ঢাকার আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মানবপাচারকারী চক্রের সদস্যরা।

তিনি আরও জানান, ওই মাদ্রাসাছাত্রী বেশ কিছুদিন আগে “বিটিএস ফ্যান ক্লাব”-এ যুক্ত হয়। এরপর সে প্রতারণার ফাঁদে পড়ে। পাচারের জন্য মেয়েটিকে কোরিয়া নেওয়াই উদ্দেশ্য ছিল চক্রটির। তাকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই চক্রের মূলহোতাসহ বাকিদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

   

About

Popular Links

x