Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় গৃহবধূর চোখে-মুখে আঠা লাগিয়ে ধর্ষণের অভিযোগ

তার চোখ ও মুখ রক্ষার জন্য অস্ত্রোপচার করা হচ্ছে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৭ পিএম

খুলনার পাইকগাছায় এক গৃহবধূর হাত-পা বেঁধে চোখে-মুখে আঠা লাগিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সোমবার ভোরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী কাঁচামালের ব্যবসা করেন। রবিবার রাতে তিনি বাড়ির বাইরে ছিলেন। পড়ালেখার জন্য তাদের দুই ছেলে-মেয়েও বাইরে থাকেন। রবিবার রাতে দুর্বৃত্তরা পাশের গাছ বেয়ে ছাদে উঠে ঘরে ঢোকে। এরপর ওই গৃহবধূর হাত-পা বেঁধে চোখে-মুখে আঠা লাগিয়ে ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

ভোরের দিকে ওই নারীর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী জানান, তাদের একতলা বাসার ছাদের সিঁড়ি ঘর খোলা ছিল। সেখান থেকেই দুর্বৃত্তরা ভেতরে ঢোকে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুমন রায় ঢাকা ট্রিবিউনকে বলেন, “ধর্ষণের শিকার হয়েছেন বলে এক নারীকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এই মুহূর্তে তার মুখ ও চোখ রক্ষার জন্য অস্ত্রোপচার করা হচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।”

খুলনার সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, “গৃহবধূকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধর্ষণ হয়েছে কি-না বা চোখে-মুখে আঠা দেওয়া হয়েছে কি-না তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।”

   

About

Popular Links

x