Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাগেরহাটে শিশুদের বর্ণমালা লেখা প্রতিযোগিতা ও তালপাতায় হাতেখড়ি

ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর এই আয়োজন করে বাগেরহাটের আবৃত্তি সংগঠন স্বরবিন্যাস

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ এএম

২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হলো। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সারাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এরকম একটি কর্মসূচি হলো বাগেরেহাটের আবৃত্তি সংগঠন স্বরবিন্যাসের “বর্ণমালা লেখা প্রতিযোগিতা ও তালপাতায় হাতেখড়ি”।

গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাগেরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে এ বছরের এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বাগেরহাটের বিভিন্ন স্কুলের প্রায় দুই শতাধিক শিশুরা অংশগ্রহণ করে। শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো শহিদ মিনার এলাকা। বিভিন্ন স্কুলের শিশুরা এক হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তারা।

“এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি” শিরোনামের প্রতিযোগিতায় শিশুদের দুটি ভাগে ভাগ করা হয়। ক-বিভাগে প্লে, নার্সারি ও শিশু শ্রেণির শিশুরা স্বরবর্ণ এবং খ-বিভাগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিশুরা ব্যঞ্জণবর্ণ লেখার প্রতিযোগিতা মেতে ওঠে।

প্রতিযোগিতায় ক-বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে গ্রীন হার্ট কিন্ডার গার্টেনের তাসনীন, রঞ্জিদা বারী একাডেমির তাইয়ান ও মগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়াত-ই-ইকরামা।

খ-বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে শাহিন স্কুলের নেহরিন, রঞ্জিদা বারী একাডেমির নাভান, ও গ্রীন হার্ট কিন্ডার গার্টেনের নুরজাহান ঐশী।

প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

এখনও স্কুলে যাওয়া শুরু করেনি এমন ছোট শিশুদের এই অনুষ্ঠান থেকে তালপাতায় হাতেখড়ি করান বাগেরহাটের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা। এছাড়া, অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে স্বরবিন্যাসের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় বিজয়ীরা/ ছবি: স্বরবিন্যাসের সৌজন্যে

এমন আয়োজনের প্রশংসা করেন অভিভাবকরা। এই আয়োজনের মধ্যে দিয়ে শিশুরা বাংলা ভাষা ও ভাষা আন্দোলন সম্পর্কে আরও আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন শিশুদের সঙ্গে আসা অভিভাবকরা।

আয়োজন প্রসঙ্গে স্বরবিন্যাসের নির্বাহী পরিচালক সালমা নাসরিন বলেন, “শিশুদের মধ্যে দেশপ্রেম ও ভাষাপ্রেমের বীজবপনে স্বরবিন্যাস বদ্ধপরিকর। তাই আমরা বিভিন্ন জাতীয় দিবসে বধ্যভূমি, শহিদ মিনার’সহ বিভিন্ন স্থানে নানা আয়োজন করে থাকি। যাতে শিশুরা খুব কাছে থেকে এসব বিষয় উপলব্ধি করতে পারে। আমরা শিশুদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা চাই না, তবে শুধুমাত্র শিশুদের উৎসাহ দেওয়ার জন্য পুরষ্কারের ব্যবস্থা।”

তিনি জানান, “এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি”কর্মসূচিটি ঢাকার কারক নাট্য সম্প্রদায়ের আয়োজন থেকে অনুপ্রাণিত। প্রতিবছর ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে এই আয়োজন করে কারক নাট্য সম্প্রদায়। সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে বাগেরহাটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্বরবিন্যাসের প্রতিষ্ঠাতা মোল্লা রবিউল আলম রবু জেলাটিতে এই কর্মসূচি শুরু করেন। তারপর থেকে ১৫ বছর ধরে এই পরম্পরা পালন করে যাচ্ছে স্বরবিন্যাস।

   

About

Popular Links

x