জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে খুলনার রূপসা সেতুর কাছে রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফেতে নাগরদোলায় আটকে থাকা শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩ মার্চ) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি বলেন, “শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফে থেকে রাজীব নামে একজন ৯৯৯ নম্বরে ফোন করেন। রাজীব জানান, সেখানে একটি নাগরদোলার কিছু অংশ ভেঙে প্রায় ঘণ্টাখানেক ধরে বিকল হয়ে থেমে আছে। নাগরদোলায় প্রায় ১৫ থেকে ২০ জন নারী ও শিশু ৪০ থেকে ৫০ ফিট উঁচুতে আটকে রয়েছে। ভয়ে ও আতঙ্কে তারা কান্নাকাটি করছে।”
আনোয়ার সাত্তার বলেন, “খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানানো হয়। টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১০ জন শিশু, তিনজন নারী এবং দুই পুরুষসহ মোট ১৫ জনকে উদ্ধার করে। এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।”



