পাবনার বেড়া উপজেলার একটি কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার আমিনপুর নতুন বাজার কবরস্থানে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে বিষয়টি টের পান স্থানীয়রা। এরপর কবরস্থানে ভিড় করতে থাকেন তারা। কঙ্কাল চুরিতে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিলও করেন এলাকাবাসী।
চুরি হওয়া এক মরদেহের স্বজন মাসুদ রানা বলেন, “এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি, পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।”
জাহিদ হাসান নামের আরেক ব্যক্তি বলেন, “বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই বলে দেখে এসেছি। এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই।”
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ বলেন, “রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজকে সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।”



