Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় পানি সরবরাহ ঠিক রাখতে ওয়াসার ১০ মনিটরিং টিম

পানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে গঠন করা এই ১০টি মনিটরিং টিম জোনভিত্তিক পামগুলো নিয়মিত ও আকস্মিক পরিদর্শন করবে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:৩৩ পিএম

শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীতে পানি সরবরাহ ঠিক রাখতে ১০টি মনিটরিং টিম গঠন করেছে ঢাকা ওয়াসা। এসব টিম ঢাকা ওয়াসার সব মডস জোনের পানির ব্যবস্থাপনা কার্যক্রম আগামী জুলাই পর্যন্ত মনিটরিং করবে।

রবিবার (৭ এপ্রিল) ঢাকা ওয়াসা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

জানা গেছে, ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমির একটি অফিস আদেশের মাধ্যমে এই ১০টি মনিটরিং টিম গঠন করেন।

আদেশে বলা হয়েছে, পানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে গঠন করা এই ১০টি মনিটরিং টিম জোনভিত্তিক পামগুলো নিয়মিত ও আকস্মিক পরিদর্শন করবে। পাম-চালকরা যথা নিয়মে দায়িত্ব পালন করছেন কি-না, সে বিষয়ে নিশ্চিত হবে টিমগুলো। পরিদর্শনকালে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সুপারিশ প্রশাসনকে লিখিতভাবে অবহিত করতে হবে। পরিদর্শনের সময় এসব মনিটরিং টিম যদি কোনো ত্রুটি বা পাম্প বন্ধ পায়, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ১০টি টিমের আহ্বায়করা সাপ্তাহিক প্রতিবেদন ব্যবস্থাপনা পরিচালকের কাছে দাখিল করবেন। টিমগুলো আগামী জুলাই পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে, ঢাকার বিভিন্ন এলাকায় পানির সংকটের অভিযোগ করছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর, শেওড়াপাড়া, বাড্ডা, নতুন বাজার, রামপুরা, মেরুল বাড্ডা, ডিআইটি, মালিবাগ, বাসাবো, মুগদা, মান্ডা, লালবাগ, রায়েরবাগ, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। এসব এলাকায় ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপ থেকে পানির উৎপাদন কমেছে। ফলে রমজানে ঢাকার বিভিন্ন এলাকায় পানির চাহিদা বেড়ে যাওয়ায় এবং বিভিন্ন এলাকায় চাহিদার তুলনায় গভীর নলকূপ কম থাকায় এই সমস্যা দেখা দিয়েছে।

   

About

Popular Links

x