ঝালকাঠির দুই উপজেলায় বজ্রপাতে দুই নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট, পোনাবালিয়া ইউনিয়ন এবং কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ গাজীবাড়ি এলাকার মৃত আলম গাজীর স্ত্রী গৃহিনী হেলেনা বেগম, সদর উপজেলার শেখেরহাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী গৃহিনী মিনারা বেগম ও পোনাবালিয়া এলাকার মো. বাচ্চুর মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার ঈশান।
তারা সবাই ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়েছিলেন বলে পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন পুলিশ সুপার।
জানা গেছে, রবিবার সকালে ঝড়ের তাণ্ডবে ঝালকাঠির চার উপজেলায় শতাধিক বসতঘর, দোকানপাট, বিদ্যুতের খুটি ভেঙে পড়ে। এ সময় গাছপালারও ব্যাপক ক্ষতি হয়।
পুলিশ সুপার বলেন, “আজ সকালে হঠাৎ করে ঝালকাঠির আকাশ কালো মেঘ করে পুরো জেলা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সেই সঙ্গে বৃষ্টি ও দমকা বাতাস হয়েছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে ঝালকাঠিতে দুই উপজেলায় এক শিশু ও দুই নারীর মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা করা হবে।”
ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “বজ্রপাতে শেখেরহাট এলাকায় মিনারা বেগম নামে এক নারী এবং পোনাবালিয়া এলাকায় মাহিয়া আক্তার ঈশান নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।”
কাঁঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, “বজ্রপাতে কাঁঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ গাজীবাড়ি এলাকায় গরু আনতে গিয়ে হেলেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।”



